ATN
শিরোনাম
  •  

দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

         
দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই তাদের ভাগ্যোন্নয়নে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, মানুষের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি যারা ন্যায়বিচার ও সঠিক বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অল্প কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে আর খেলতে পারবে না। যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, দেশের মানুষ তাদেরকেই সমর্থন করবে এবং সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করবে।

তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যেমন মানুষ নিজের ঘরবাড়ি ও ক্ষেত-খামার নিজে গড়ে তোলে, তেমনি দেশটিকেও নিজেদের সম্পদ মনে করে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব দেশের মানুষেরই।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালে ‘ধরার খাল’ খনন করেছিলেন। প্রায় ৪৭ বছর পর সেই খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দুপুর ২টা ২১ মিনিটে সেখানে পৌঁছান এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই খাল কাটার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ