ATN
শিরোনাম
  •  

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

         
ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে তিনি বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান। সেখানে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘ধরার খাল’-এর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। পাশাপাশি আয়োজিত এক সমাবেশেও বক্তব্য দেবেন তিনি।

এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে গেছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পরে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ