ATN
শিরোনাম
  •  

চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী

         
চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী

চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহন বড় ধরনের চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম।

শুক্রবার (২২ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, অল্প কয়েকদিনের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ এবং বিপুল সংখ্যক কোরবানির পশু পরিবহন করতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রতিবছর ঈদযাত্রা কঠিন হয়ে ওঠে। তবে অনুকূল আবহাওয়া, জনসচেতনতা এবং সবার সহযোগিতা থাকলে এবারের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কের উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে রবিউল আলম বলেন, দেশে প্রতিবছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন এবং সাধারণ মানুষের অসচেতনতা দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণগুলো চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে সড়ক দুর্ঘটনার হারও ধীরে ধীরে কমছে।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী সড়কে নিহতের প্রকৃত সংখ্যা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জনের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহতদের ২ থেকে ৩ লাখ টাকা করে মোট ৫৯ লাখ টাকা প্রদান করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে, বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের আয়োজনে এ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ