ATN
শিরোনাম
  •  

হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

         
হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে হামের টিকাকরণ কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে।

আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল এ বিষয়ে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। সে সময় ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি অভিযোগ করেন, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা থাকতে পারে।

নোটিশে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ