ATN
শিরোনাম
  •  

তাসকিন-মিরাজের দাপটে চাপে পাকিস্তান, মধ্যাহ্ন বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান

         
তাসকিন-মিরাজের দাপটে চাপে পাকিস্তান, মধ্যাহ্ন বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান

তাসকিন-মিরাজের দাপটে চাপে পাকিস্তান, মধ্যাহ্ন বিরতিতে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান

রাতভর ঢাকায় তিন দফা বৃষ্টির পর সকালে মেঘলা আবহাওয়ায় ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয় খেলা। পেসারদের জন্য আদর্শ এমন কন্ডিশন কাজে লাগিয়ে শুরু থেকেই পাকিস্তানকে চাপে ফেলে দেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদের আগুনঝরা স্পেল আর মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে সকালের সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে পাকিস্তান।

প্রথম দিন শেষে লিটন দাস বলেছিলেন, দলের আস্থা এখন বোলারদের ওপর। দ্বিতীয় দিনের শুরুতেই সেই প্রত্যাশার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের পেসাররা।

দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। তার বলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নিয়ে আব্দুল্লাহ ফজলকে ফেরান লিটন। এর কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আজান ওয়াইস। তাসকিনের দেরিতে সুইং করা ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। ৩৪ বলে মাত্র ১৩ রান করে বিদায় নেন এই ব্যাটার।

দুই উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজম মিলে পাকিস্তানের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বাংলাদেশের বোলাররা নিয়মিত চাপ ধরে রাখেন। শরীফুল ইসলামের এক ডেলিভারিতে বাবর আজমের ব্যাট ছুঁয়ে বল অল্পের জন্য লিটনের মাথার ওপর দিয়ে চলে যায়। এরপর নাহিদ রানার ১৪৪ কিলোমিটার গতির ডেলিভারিতে শান মাসুদের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। রিভিউ নেওয়া হলেও রিপ্লেতে দেখা যায়, বলটি আগে ব্যাটে লেগেছিল।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তান অধিনায়ক। শরীফুলকে সরিয়ে আক্রমণে আনা হয় নাহিদ রানাকে, অন্য প্রান্তে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। নিজের প্রথম ওভারেই সফলতা পান এই অফস্পিনার। তার বলে শর্ট কাভারে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফেরেন শান মাসুদ। তখন দলীয় রান ৬১।

এরপর সৌদ শাকিলকেও চাপে রাখেন মিরাজ। ২৮ বলে মাত্র ৮ রান করা এই ব্যাটার চাপ কাটাতে গিয়ে সুইপ খেলতে চেয়েছিলেন। তবে বল ব্যাটের আগায় লেগে ওপরে উঠে গেলে সহজ ক্যাচ নেন লিটন দাস। ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

সকালের সেশন শেষে বাবর আজমকে ঘিরেই ভরসা পাকিস্তানের। ৩৭ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ১৭ রানের জুটি গড়েছেন সালমান আলী আগা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ