ATN
শিরোনাম
  •  

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

         
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (১৬ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।

সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু ওকে আর বাঁচানো গেল না।

পারিবারিক ও চিকিৎসাসূত্রে জানা গেছে, লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরেই সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন কারিনা। প্রথমদিকে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। এছাড়া আগে থেকেই তার ‘ফ্যাটি লিভার’-এর সমস্যা ছিল। সংক্রমণ জটিল আকার ধারণ করলে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ