ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং ‘দাই দাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়

         
বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং ‘দাই দাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং ‘দাই দাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে ‘দাই দাই’ গানটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ার বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়।

শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ফিফা এ ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, গানটি সংগীতের মাধ্যমে ফুটবল, সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে।

এই গানের মাধ্যমে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছেন শাকিরা। এর আগে ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়। এখনো সেটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ও স্মরণীয় থিম সং হিসেবে ধরা হয়।

ফিফার তথ্য অনুযায়ী, ‘দাই দাই’ গানটিতে আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন ও ওয়ার্ল্ড বিটসের দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। প্রায় চার মিনিট দৈর্ঘ্যের গানটি শ্রোতাদের মাঝে প্রাণবন্ত ও উদ্দীপনামূলক আবহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গানটিতে ফুটবলার ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের জন্য অনুপ্রেরণামূলক বার্তাও রয়েছে।

ফিফা আরও জানিয়েছে, গানটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। এছাড়া গানটির রয়্যালটি থেকে পাওয়া আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা কার্যক্রমে সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ