ATN
শিরোনাম
  •  

কর্মচারী থেকে ‘অভিজাত সোনা ব্যবসায়ী’, ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে গ্রেফতার

         
কর্মচারী থেকে ‘অভিজাত সোনা ব্যবসায়ী’, ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে গ্রেফতার

কর্মচারী থেকে ‘অভিজাত সোনা ব্যবসায়ী’, ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে কৃষ্ণ বশাক ওরফে স্বপন বশাককে গ্রেফতার করেছে সিআইডি। এক সময় তিনি ওই প্রতিষ্ঠানের সাধারণ বিক্রয়কর্মী ছিলেন। মাত্র পাঁচ বছরের ব্যবধানে তিনি একাধিক জুয়েলারি দোকানের মালিক এবং গাড়ি-বাড়ির মালিক বনে যান বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

সিআইডির দুঃসাহসিক এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ রুহুল আমিন সরকার।

মামলার তথ্য অনুযায়ী, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অলঙ্কার নিকেতন প্রাইভেট লিমিটেডের স্বর্ণালঙ্কার আত্মসাতের ঘটনায় কৃষ্ণ বশাককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। শুক্রবার (১৫ মে) আদালতে এ আবেদন করা হয়।

মামলার বাদী অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য আসামিদের যোগসাজশে কৃষ্ণ বশাক ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। আত্মসাৎ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

তদন্তে কৃষ্ণ বশাকের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। এছাড়া মামলার এজাহারভুক্ত এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সিআইডি জানায়, স্বল্প বেতনের চাকরি করলেও কৃষ্ণ বশাক অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। তদন্তে তার নামে ফ্ল্যাট, শেয়ার ও স্বর্ণের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আত্মসাৎ করা স্বর্ণ বিক্রির অর্থ দিয়ে নিজেই জুয়েলারি ব্যবসা গড়ে তোলেন কৃষ্ণ বশাক। পাশাপাশি তিনি গাড়ি-বাড়ির মালিক হন এবং পুঁজিবাজারেও বিনিয়োগ করেন।

সিআইডি আরও জানায়, আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধার, অন্যান্য আসামিদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) দুপুরে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের একটি দল কৃষ্ণ বশাককে গ্রেফতার করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর দোকান মালিকের ছেলে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তাদের একাধিক জুয়েলারি দোকান রয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ