ATN
শিরোনাম
  •  

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

         
আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা জাহাজটি এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি।

সংস্থাটি জানিয়েছে, ফুজাইরাহ উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা অবস্থায় জাহাজটি জব্দ করা হয়। এরপর সেটির গতিপথ বদলে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটি কোন দেশের বা সেটিতে কতজন আরোহী রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবহন করা হতো।

গত রোববার দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালি পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিলেও শেষ পর্যন্ত পিছু হটেন। সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্পের সেই পরিকল্পনা ভেস্তে যায়। যদিও পরবর্তীতে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে তিনি অভিযান স্থগিত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দের এই ঘটনা মধ্যপ্রাচ্যের নাজুক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: এএফপি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ