ATN
শিরোনাম
  •  

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

         
ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

রেকর্ড পরিমাণ উচ্চ জেট ফুয়েলের মূল্য এবং আকাশসীমায় চলমান বিধিনিষেধের কারণে ২০২৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।

এই পরিষেবা একাধিক অঞ্চলে কার্যকর হবে বলে জানানো হয়েছে। কিছু রুট সাময়িকভাবে সম্পূর্ণ স্থগিত করা হয়েছে- আবার কিছু রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর আকাশপথে যাতায়াতকারী যাত্রীরা সরাসরি প্রভাবিত হবেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিভ্রান্তিতে ফেলার চেয়ে আগেভাগেই এই যৌক্তিক সমন্বয় বা রেশনালাইজেশন করা হয়েছে যাতে শিডিউলের স্থিতিশীলতা বজায় থাকে।

সংস্থাটির নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। এ ছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইটের সংখ্যা সাপ্তাহিকভবে কমিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়ার দাবি, নেটওয়ার্কের স্থিতিশীলতা বজায় রাখা এবং যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে সংস্থাটি জানিয়েছে, এই সীমিত কার্যক্রমের মধ্যেও তারা প্রতি মাসে ১ হাজার দুই’শ-টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

সংস্থাটি আরও জানায়, উত্তর আমেরিকার রুটে দিল্লি-শিকাগো ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৭টি করা হয়েছে।

দিল্লি-টরন্টো রুটে জুলাই পর্যন্ত সাপ্তাহিক ফ্লাইট ১০টি থেকে কমিয়ে ৫টি করা হবে, তবে আগস্ট থেকে আবার দৈনিক ফ্লাইট চালু হবে।

দিল্লি-ভ্যাঙ্কুভার রুটে সাপ্তাহিক ফ্লাইট ৭টি থেকে কমিয়ে ৫টি করা হয়েছে।

ট্রান্সআটলান্টিক রুটে মুম্বাই-নিউয়ার্ক রুটে সাপ্তাহিক ফ্লাইট ৩টি থেকে বাড়িয়ে ৭টি করা হলেও দিল্লি-নিউয়ার্ক এবং মুম্বাই-নিউইয়র্ক (জেএফকে) রুট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইউরোপীয় রুটে দিল্লি-প্যারিস রুটে সাপ্তাহিক ফ্লাইট ১৪টি থেকে কমিয়ে ৭টিতে আনা হয়েছে। এ ছাড়া কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও ফ্লাইটের সংখ্যা কিছুটা কমানো হয়েছে।

অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি রুটে দৈনিক ফ্লাইটের পরিবর্তে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার রুটে দিল্লি-সাংহাই এবং চেন্নাই-সিঙ্গাপুর ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হো চি মিন সিটি, হ্যানয় ও ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

এয়ারলাইনটির অন্যতম ব্যস্ত আঞ্চলিক রুট দিল্লি-কাঠমান্ডুতে জুলাই ও আগস্টে সাপ্তাহিক ফ্লাইট ৪২টি থেকে কমে ২১টিতে নেমে আসবে। এছাড়া দিল্লি-মালে রুটও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে, এই পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটে পুনঃবুকিং, বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা রাখা হয়েছে। সহায়তার জন্য এয়ার ইন্ডিয়ার ২৪ ঘণ্টার কন্টাক্ট সেন্টার ও ডিজিটাল সেবা চালু থাকবে।

সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরতে তারা নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ