ATN
শিরোনাম
  •  

ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

         
ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আয়ান (১৫) নামে আরও এক শিশু মৃত্যুবরণ করেছে। আয়ান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. পারভেজ মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের উপসর্গ নিয়ে গত ৫ মে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৮৩ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০২ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৭ শিশু। ময়মনসিংহ জেলা থেকে ল্যাব পরীক্ষার জন্য ৪৭৬টি নমুনার মধ্যে হাম পজিটিভ ১২৩ জনের।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ