ATN
শিরোনাম
  •  

বাংলাদেশে ফিফা বিশ্বকাপ দেখা নিয়ে সংশয়, নেপথ্যে কি?

         
বাংলাদেশে ফিফা বিশ্বকাপ দেখা নিয়ে সংশয়, নেপথ্যে কি?

ফিফা বিশ্বকাপ

এবারের ফিফা বিশ্বকাপ সামনে রেখে বড় অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতে পারবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবারের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব এখনও কিনতে পারেনি। বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ইন্টারনেটভিত্তিক মাধ্যম ওটিটি প্রতিষ্ঠানগুলোও সম্প্রচার স্বত্ব এখনও কিনতে পারেনি। ফিফার নীতিমালা অনুযায়ী, অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার অন্য দেশে সরাসরি দেখানো যায় না। ফলে স্থানীয় কোনো প্রতিষ্ঠান স্বত্ব না কিনলে বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপ দেখা কঠিন হয়ে যেতে পারে।

জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকেই স্বত্ব কিনতে হবে। প্রতি বিশ্বকাপ আসরেই দর্শকদের জন্য খেলা সম্প্রচার করে থাকে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন। তবে এবার সম্প্রচার স্বত্বের উচ্চমূল্যের কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিটিভির একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব বাবদ প্রায় ১৫১ কোটি টাকা চেয়েছে। কর ও অন্যান্য খরচ যুক্ত হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটিতে পৌঁছাতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী, মোট অর্থের অর্ধেক ১০ মে’র মধ্যে এবং বাকি অংশ ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই স্বত্বের আওতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ মোট ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার এবং হাইলাইটস দেখানোর সুযোগ থাকবে।

এত বড় অঙ্কের ব্যয় বিবেচনায় নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয় বিটিভিকে। যাতে বিনামূল্যে সম্প্রচারের কোনো সুযোগ পাওয়া যায় কি না তা যাচাই করা যায়। এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বিটিভি ফিফাকে দুটি ই-মেইল পাঠালেও এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি। এতে করে বিটিভিতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

ফিফার কঠিন নিয়মের কারণে এবার সত্যিই বড় ঝুঁকিতে বাংলাদেশের ফুটবল আবেগ। শেষ পর্যন্ত কি দেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম স্বত্ব কিনে দর্শকদের মুখে হাসি ফোটাতে পারবে? নাকি এবার খেলা দেখা ছাড়াই কাটবে বিশ্বকাপ? ফুটবলপ্রেমীদের এই উৎকণ্ঠার শেষ কোথায়, তা সময়ই বলে দেবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ