ATN
শিরোনাম
  •  

ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় জ্যোতিষীকে সরকারি পদে বসালেন বিজয়

         
ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় জ্যোতিষীকে সরকারি পদে বসালেন বিজয়

ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ায় জ্যোতিষীকে সরকারি পদে বসালেন বিজয়

তামিলনাড়ুর রাজ্য সংগীত নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধন পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এই জ্যোতিষীই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে নির্বাচনে বিজয় ভূমিধস জয় পাবেন। তার এই নিয়োগে শরিক দল কংগ্রেসসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

রাধান পণ্ডিত একই সঙ্গে জ্যোতিষী এবং বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার সময় বিজয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে দেখা গেছে তাকে। গত ৪ মে ভোট গণনার সময় যখন টিভিকে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যেতে শুরু করে, তখন বিজয়কে অভিনন্দন জানাতে তার বাসভবনে সবার আগে পৌঁছেছিলেন রাধান পণ্ডিত।

ব্যক্তিগত এই সম্পর্কের বিষয়টি বিজয়ের রাজনৈতিক মিত্র এবং বিরোধী দল ডিএমকে ভালোভাবে নেয়নি। কারণ দ্রাবিড় রাজনীতির ধারায় তারা সাধারণত যেকোনও ধরনের কুসংস্কার বা জ্যোতিষচর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষপাতী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল লিখেছেন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। একজন জ্যোতিষীর কেন মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তার পদের প্রয়োজন হবে? কেউ কি এর কোনও ব্যাখ্যা দিতে পারেন?

দক্ষিণ ভারতের রাজনীতিতে জ্যোতিষীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। রাধন পণ্ডিত ভেট্রিভেলের হাইপ্রোফাইল মক্কেলদের তালিকায় এআইএডিএমকে’র প্রয়াত নেত্রী জয়ললিতার নামও ছিল। বলা হয় যে জয়ললিতার শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এই জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেওয়া হতো। তবে আয়বহির্ভূত সম্পদ মামলায় জয়ললিতার জেল হবে না বলে রাধন পণ্ডিত যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা ভুল প্রমাণিত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি ঘটেছিল।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস, বাম দল (সিপিআই ও সিপিএম) এবং ভিসিকের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয় তাকে। সেই জোটে থেকে এমন এক নিয়োগে স্বভাবতই অস্বস্তিতে পড়েছেন মিত্ররা।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ