ATN
শিরোনাম
  •  

লাইফ সাপোর্টে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

         
লাইফ সাপোর্টে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

লাইফ সাপোর্টে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

শনিবার (৯ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা জানান, বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে কারিনা হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হয়েছেন। এ সংক্রমণের জটিলতায় তার লিভার ফেইলর হয়েছে। তিনি আরও জানান, প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ডানা আরও বলেন, কারিনার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, আমরা সবাই জানি, সে কতটা প্রতিভাবান ও অসাধারণ একজন মানুষ। আমরা চাই না সে এভাবে হার মেনে যাক। সবাই তার জন্য দোয়া করবেন।

চিকিৎসার ব্যয় বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন ডানা। আপাতত পরিবারের পক্ষ থেকে সবার কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে। কারিনা কায়সারের আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

কায়সার হামিদ বলেন, অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।

সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ