ATN
শিরোনাম
  •  

কুষ্টিয়ায় শুরু হলো রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকীর তিনদিনের উৎসব

         
কুষ্টিয়ায় শুরু হলো রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকীর তিনদিনের উৎসব

কুষ্টিয়ায় শুরু হলো রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকীর তিনদিনের উৎসব

আজ ২৫ বৈশাখ (৮ মে)। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী উৎসব। শুক্রবার (৮ মে) বিকেলে কুঠিবাড়ির মূলমঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় এ আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, রবীন্দ্র কুঠিবাড়িকে একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতিতে একটি অনন্য স্থান দখল করে আছে।

তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পরে বিশ্বকবির রচিত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

তিনদিনের এ আয়োজনকে ঘিরে কুঠিবাড়ি প্রাঙ্গণে ভিড় করেছেন অসংখ্য রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থী। উৎসবকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জমিদারি ও ব্যবসায়িক কাজের সূত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন শিলাইদহ কুঠিবাড়িতে। পদ্মা তীরের এই নিভৃত পরিবেশেই কেটেছে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়। এখানেই তিনি রচনা করেছেন ‘গীতাঞ্জলি’সহ বহু কালজয়ী সাহিত্যকর্ম। ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্যই তিনি অর্জন করেন নোবেল পুরস্কার।

শিলাইদহে অবস্থানকালে কবিগুরু অসংখ্য গান, কবিতা ও গল্প রচনা করেন। আজও কুঠিবাড়ির বিভিন্ন অংশে সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত আসবাব, লেখার টেবিল, বসতঘর ও নৌভ্রমণের নানা স্মৃতি, যা বহন করছে তার সৃষ্টিশীল জীবনের সাক্ষ্য।

উৎসব উপলক্ষে তিনদিনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে কুঠিবাড়ি। আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হবে কবিগুরুর কর্মময় জীবন ও দর্শন। আয়োজকদের আশা, এ উৎসব গবেষক, ভক্ত ও অনুরাগীদের মিলনমেলায় পরিণত হবে।

রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার আলো ধারণ করেই প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার শিলাইদহে পালিত হচ্ছে বিশ্বকবির জন্মবার্ষিকী।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ