ATN
শিরোনাম
  •  

‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের

         
‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, আক্ষেপ মির্জা ফখরুলের

মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও রাজনৈতিক সংস্কৃতি সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৮ মে) নওগাঁর পতিসর রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা রাজনীতি করি, সারাজীবন রাজনীতির মধ্যেই কাটিয়ে দিয়েছি। কিন্তু আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না। মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবর্তন পুরোপুরি আসেনি।”

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে তরুণরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই পরিবর্তনের সূচনা হয়েছে। তবে এখনো বিভিন্ন পক্ষ সেই পরিবর্তনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা কেউ চাই না দেশে আবার কোনো অস্থিরতা সৃষ্টি হোক। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

রবীন্দ্রনাথ প্রসঙ্গে তিনি বলেন, কবিতা, গান, নাটক ও সাহিত্যের প্রতিটি শাখায় বিশ্বকবির অবাধ বিচরণ ছিল। শুধু সাহিত্য নয়, কৃষকদের উন্নয়ন ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারেও তিনি কাজ করেছেন।

তিনি আরও বলেন, “যে মানুষ সাহিত্যচর্চা করে, গান শোনে বা কবিতা ভালোবাসে, সে নিঃসন্দেহে ভালো মানুষ হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। এতে আরও বক্তব্য দেন মিজানুর রহমান মিনু, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ