ATN
শিরোনাম
  •  

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলা

         
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলা

সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

ফার্স নিউজ জানায়, জাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল। সেসময় সেটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজটি জাস্ক দ্বীপ অতিক্রম করে হরমুজ প্রণালির দিকে এগোচ্ছিল। হামলার পর সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
তবে ইরানের এই দাবিকে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, তাদের কোনো যুদ্ধজাহাজে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়া হবে। এর প্রেক্ষিতে ইরান সতর্ক করে জানায়, প্রণালিতে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে শুরু থেকেই এই সমঝোতা ছিল অনিশ্চিত। যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে কয়েকটি ট্যাংকার জাহাজ জব্দ করে।

পরবর্তীতে ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও, সেখান থেকে কোনো কার্যকর সমাধান আসেনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ