ATN
শিরোনাম
  •  

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ

         
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ

জামিল আহমেদ লিমন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী উড়োজাহাজটি অবতরণ করে।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামি সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে বিষয়টি তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাকে জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ