ATN
শিরোনাম
  •  

ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, থাকতে পারে ঝোড়ো হাওয়া

         
ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা, থাকতে পারে ঝোড়ো হাওয়া

ঢাকায় আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ