ATN
শিরোনাম
  •  

কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ দেশ, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

         
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ দেশ, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে পর্যাপ্ত কোরবানির পশু মজুত রয়েছে, তাই বিদেশ থেকে আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ বছর কোরবানির জন্য সারাদেশে ১ কোটি ২৪ লাখেরও বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে। ফলে দেশের চাহিদা পূরণে কোনো ঘাটতি হবে না এবং পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি আরও জানান, গত বছরের মতো এবারও দেশের বাইরে থেকে গরু আমদানির অনুমতি দেওয়া হবে না। এ লক্ষ্যে সীমান্তবর্তী হাটগুলোর ইজারা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সারাদেশে প্রায় ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবে ২৭টি হাট—উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি। নির্ধারিত স্থান ছাড়া কোথাও হাট বসতে দেওয়া হবে না, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।

গরু মোটাতাজাকরণ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিকর কোনো ইনজেকশন আমদানির অনুমতি সরকার দিচ্ছে না এবং এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

অনলাইনে পশু বেচাকেনায় কোনো খাজনা দিতে হবে না বলেও জানান মন্ত্রী। তবে হাট থেকে সরাসরি পশু কিনলে নির্ধারিত খাজনা দিতে হবে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রতিটি পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভেটেরিনারি চিকিৎসক দল থাকবে, যাতে অসুস্থ পশুকে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

এছাড়া কোরবানির পশু পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ