ATN
শিরোনাম
  •  

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

         
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে (অটো) নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা দিতে হাজির না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রমও শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মালিক ও চালকদের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে অটো নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্টরা ডিএমপি সদর দপ্তর বা ট্রাফিক বিভাগে হাজির হয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

এতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার পরও হাজিরা না দিলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা-সমন বা গ্রেপ্তারি পরোয়ানা-জারি করা হবে।

এদিকে, প্রতারণা এড়াতে সিসি ক্যামেরা মামলার নামে কোনো ধরনের অননুমোদিত আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও মোড়ে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লালবাতি অমান্য, উল্টো পথে চলাচল, স্টপ লাইন অতিক্রম, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক অপরাধে ডিজিটাল প্রসিকিউশন শুরু হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ