ATN
শিরোনাম
  •  

বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

         
বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন রোববার এ অভিযোগ গঠন করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ মার্চ আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন এবং তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই কর্মকর্তা গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে মোট প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকার প্রমাণ পাওয়া গেছে। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে তার বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এসব অর্থের উৎস গোপন করে তিনি বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থানান্তর করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ