ATN
শিরোনাম
  •  

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

         
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের বিভিন্ন অঞ্চলে পশু পরিবহন নিশ্চিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় প্রাকৃতিক কারণে হঠাৎ পানি প্রবেশ করে ফসল ডুবে যায়, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।

তিনি জানান, যেসব স্থানে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা করা সম্ভব, সেসব বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ফসল কাটার অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, অনেক এলাকায় ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কোথাও শ্রমিক সংকট দেখা দিলে অন্য এলাকা থেকে শ্রমিক পাঠানো হয়েছে এবং প্রয়োজনে পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, কিছু জমির ফসল নষ্ট হলেও তা ব্যাপক নয়। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ