ATN
শিরোনাম
  •  

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

         
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে এসে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন।

এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নেমেই বৃষ্টি উপেক্ষা করে তিনি নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।

মাজারে যাওয়ার পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ সড়কের দুপাশে জড়ো হন। তারা তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন।

সফরকালে প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এসব কার্যক্রম শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তারেক রহমানের প্রথম সফর।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ