ATN
শিরোনাম
  •  

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় আগ্রহী ইরান

         
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় আগ্রহী ইরান

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় আগ্রহী ইরান

যুদ্ধ-উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি ও হুমকিমূলক বক্তব্য’ পরিহার করতে হবে বলে শর্ত দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার তুরস্ক সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আঞ্চলিক এক বৈঠকে এ অবস্থান তুলে ধরেন। ওই বৈঠকে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আরাগচি বলেন, ‘ইরান এই যুদ্ধ শুরু করেনি। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা চালায়, তবে তা মোকাবিলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আবারও আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকিমূলক ও উত্তেজনাপূর্ণ বক্তব্য বন্ধ করতে হবে।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাত শেষে গত ৮ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের ভিত্তি হিসেবে ইরান আগে একটি তিন ধাপের প্রস্তাব দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেন। পরে পাকিস্তানের মাধ্যমে নতুন আরেকটি প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে, যদিও সেটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ