ATN
শিরোনাম
  •  

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

         
রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তিতে পরিণত হয়েছে, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিতকে শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি জনশক্তি রপ্তানির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দিগন্তের সূচনা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ২০০৬ প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণকে আরও সুসংহত করেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অবদান দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শিল্প, কৃষি, পরিবহন ও নির্মাণসহ সব খাতে শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রম দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে।

তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে।

মালিক-শ্রমিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং টেকসই শিল্প উন্নয়ন সম্ভব হবে। শ্রম খাতে ভারসাম্য বজায় রাখতে ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে উৎসাহিত করার কথাও জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ