ATN
শিরোনাম
  •  

আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

         
আবারও ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। তিনি বলেন, ওয়াশিংটনের ওপর থেকে তেহরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সব সময়ই ইরানের অগ্রাধিকার ছিল। তবে অতীতে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের অভিজ্ঞতার কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর আস্থা রাখতে পারছে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, যদিও এর নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ