ATN
শিরোনাম
  •  

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

         
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

মহান মে দিবস

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্ক ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি মানবিক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নারী-পুরুষ সমান মজুরি এবং নিয়মিত মজুরি পর্যালোচনার কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। পরে পুলিশের গুলিতে প্রাণ হারান অনেক শ্রমিক। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় শ্রমিক অধিকার, যা আজও বিশ্বব্যাপী অনুপ্রেরণা জোগায়।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ