ATN
শিরোনাম
  •  

ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির

         
ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির

রাজা চার্লসের সঙ্গে আলাপ করেন জোহরান মামদানি। ফাইল ছবি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ঐতিহাসিক কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুযোগ পেলে রাজার কাছে তিনি কোহিনূর হীরা ফেরত দেওয়ার অনুরোধ জানাবেন। ওইদিন ‘নাইন-ইলেভেন’ হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে অংশ নেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মামদানিও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামদানি বলেন, “আমি যদি আলাদাভাবে রাজার সঙ্গে কথা বলতে পারি, তাহলে তাঁকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানাব।” পরে অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হলেও সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঐতিহাসিক এই হীরাটি প্রায় দুই শতাব্দী আগে ভারত থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা নিয়ে যায়। বর্তমানে ১০৬ ক্যারেটের কোহিনূর হীরা লন্ডনের টাওয়ার অব লন্ডনে সংরক্ষিত এবং এটি ব্রিটিশ রাজমুকুটের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত। অতীতে কুইন এলিজাবেথ দ্য কুইন মাদারের মুকুটেও এটি ব্যবহার করা হয়।

কোহিনূর হীরার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ইতিহাসে এটি মুঘল সম্রাট, ইরানের শাহ এবং শিখ সাম্রাজ্যের শাসকদের হাতে ছিল। পরে ১৮৪৯ সালে পাঞ্জাবের সঙ্গে চুক্তির মাধ্যমে এটি কুইন ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয়।

ভারতসহ আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান এই হীরার মালিকানা দাবি করে আসছে। ভারত একাধিকবার হীরাটি ফেরত চাইলেও এখনো তা সম্ভব হয়নি।

এদিকে, মামদানির এই আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকের মুখপাত্র জিয়া ইউসুফ একে রাজার প্রতি ‘অপমান’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোহিনূর হীরা টাওয়ার অব লন্ডনেই থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ