ATN
শিরোনাম
  •  

চ্যাম্পিয়নস লিগ : আতলেতিকো আর্সেনাল ম্যাচ ১-১ গোলে ড্র

         
চ্যাম্পিয়নস লিগ : আতলেতিকো আর্সেনাল ম্যাচ ১-১ গোলে ড্র

চ্যাম্পিয়নস লিগ : আতলেতিকো আর্সেনাল ম্যাচ ১-১ গোলে ড্র

আগের রাতে গোলবন্যা দেখা চ্যাম্পিয়নস লিগ কাল বুধবার রাতে সাক্ষী হলো গোল-খরার। ১-১ গোলে ড্র হয়েছে আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। তবে ড্র করেও ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থেকেই আগামী মঙ্গলবার লন্ডনে ঘরের মাঠে ফিরতি লেগে নামবে আর্সেনাল।

বিরতির আগে-পরে পেনাল্টি গোল হয় একটি করে। ভিক্টর ইয়োকেরেস আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর আতলেতিকোর হয়ে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই দলের প্রথম লেগটা ১-১ ড্র হওয়ায় আগামী মঙ্গলবার লন্ডনের ফিরতি লেগই জমিয়ে রাখলো যত রোমাঞ্চ।

প্রায় প্রথমার্ধ জুড়ে দুই দলের সাবধানী ফুটবলে ম্যাচটি ছিল নিরুত্তাপ। ছবিটা বদলে যায় বিরতির ঠিক আগে। বক্সের ভেতর আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো ফাউল করেন আর্সেনালের ইয়োকেরেসকে। বাজে রেফারি বাঁশি। পেনাল্টি থেকে ইয়োকেরেসের নিখুঁত গোল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম সুইডিশ গোলদাতা ইয়োকেরেস!

গোলের জন্য মরিয়া আতলেতিকো বিরতির পর গোল পায় পেনাল্টি থেকেই। মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগলে রেফারি পেনাল্টি দেন। আলভারেজের স্পট-কিকে ১-১। মাত্র ৪১ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোল করলেন আলভারেজ, এই মাইলফলকে তিনিই এখন দ্রুততম আর্জেন্টাইন। মেসি এই উচ্চতায় পৌঁছাতে লেগেছিল ৪২ ম্যাচ।

৭৭ মিনিটে আবার পেনাল্টি-নাটক। এবারও হাঙ্কোর চ্যালেঞ্জে এবেরেচি এজে পড়ে গেলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত বদলালে হাঁপ ছেড়ে বাঁচে আতলেতিকো। ড্র হয় ম্যাচ।

ফিরতি লেগের ফল যদি আর্সেনালের বিপক্ষে যায়, ডাচ রেফারি ড্যানি ম্যাক্কেলির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে অনেকদিন।

ম্যাচের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা এই পেনাল্টি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। নিউক্যাসলের সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার বলেছেন, কাঠগড়ায় তুলেছেন রেফারিকে।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ