ATN
শিরোনাম
  •  

বৃষ্টিতে ভিজে বিপর্যস্ত সকাল, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

         
বৃষ্টিতে ভিজে বিপর্যস্ত সকাল, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

বৃষ্টিতে ভিজে বিপর্যস্ত সকাল, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

সকাল থেকেই টানা বৃষ্টিতে রাজধানীর কর্মজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হওয়ায় দিনটির শুরুই হয়েছে দুর্ভোগের মধ্য দিয়ে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটগামী নতুন সড়ক, খামারবাড়ি-ফার্মগেট এলাকা, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন অঞ্চল, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি ও কালশীসহ নানা এলাকায় জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। যদিও কিছু স্থানে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে।

জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। একইসঙ্গে টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষের উপস্থিতি ও গণপরিবহনের সংখ্যাও তুলনামূলকভাবে কম দেখা গেছে।

মহাখালী এলাকার সিএনজিচালক হাবিবুর রহমান জানান, সকাল থেকে বিরামহীন বৃষ্টির কারণে যাত্রীসংখ্যা খুবই কম। ভোর থেকে এখন পর্যন্ত মাত্র দুটি ট্রিপ পেয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এহসানুল হক বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষদের ভোগান্তি বেড়েছে। তিনি ছাতা নিয়ে কষ্ট করে অফিসে পৌঁছেছেন এবং জানান, আজ রাস্তায় মানুষের উপস্থিতি খুবই কম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে সংস্থার কর্মীরা মাঠে কাজ করছেন। অব্যাহত বৃষ্টির কারণে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা দ্রুত সরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পানির স্তর বেড়ে যাওয়ায় কমলাপুর পাম্প স্টেশন চালু করে পানি নিষ্কাশন করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে বিকেল বা সন্ধ্যায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, ঢাকায় দিনের বিভিন্ন সময় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ