ATN
শিরোনাম
  •  

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি, এক বছরের কারাদণ্ড

         
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি, এক বছরের কারাদণ্ড

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি, এক বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে একজন আটক হয়েছে। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় একজন প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।

উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন। এ সময় কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে যাচাই-বাছাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয় এবং তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে মহেশ্বর মন্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের কঠোরতা ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ