ATN
শিরোনাম
  •  

বাফুফেতে আবেদন করলেন নেইমারের কোচ

         
 বাফুফেতে আবেদন করলেন নেইমারের কোচ

বাফুফেতে আবেদন করলেন নেইমারের কোচ

ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো কোচ রোজারিও মিকেল হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের কোচ। যে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জামাল ভূঁইয়াদের কোচ হওয়ার দৌড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিজের সিভি পাঠিয়েছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্য এই কোচের নাম সুপারিশ করেছেন কে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন।

বাংলাদেশ ফুটবলে হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হয়েছে গত মার্চে। নতুন করে জাতীয় দলের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। ফুটবল সমর্থকদের মনে প্রশ্ন কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?

জামাল ভূঁইয়াদের প্রধান কোচ পদের জন্য বিজ্ঞাপন দেওয়ার পর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৩০০ জন কোচ আবেদন করেন। এই বিশাল তালিকা থেকে বাফুফের বিশেষ কমিটি প্রাথমিকভাবে প্রো-লাইসেন্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে ১৪২ জন প্রার্থীকে বাছাই করে। সবশেষ খবর অনুযায়ী চার সদস্যের বিশেষ কমিটি দীর্ঘ যাচাই-বাছাই শেষে প্রার্থীদের সংখ্যা কমিয়ে ২২ জনের একটি চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। যে তালিকায় আছেন জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিলের কোচেরা। এর মধ্যে একমাত্র স্থানীয় কোচ হিসেবে জায়গা পেয়েছেন জুলফিকার মাহমুদ মিন্টু।

তবে এত সব কোচের ভীড়ে আলোচনায় একজনের নাম রোজারিও মিকেল। ব্রাজিলের জন্য এক সময় অলিম্পিকে সোনার পদক ছিল সোনার হরিণ, সেই দলকেই অধরা সোনা জেতান এই ব্রাজিলিয়ান। ২০১৬ রিও অলিম্পিকে মারাকানায় জার্মানিকে ফাইনালে হারিয়েছিল ব্রাজিল। সেই কীর্তি গড়া কোচ এবার জামাল ভূঁইয়াদের কোচ হতে আগ্রহী।

ছবি
যদিও মিকেলকে বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মধ্যমণি ছিলেন ব্রাজিলের ফুটবলের পোস্টারবয় নেইমার। নেইমার জুনিয়রের সহকারী হিসেবে কাজ করা বাংলাদেশের রবিন মিয়ার মাধ্যমে এই কোচের সিভি জমা পড়েছে বাফুফেতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আলোচনায় অংশ নেন রবিন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সহযোগীতা করবেন কি না? উত্তরে রবিন বলেন, ‘বাংলাদেশের ইস্যু নিয়ে আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে, আমার বস নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার দেশের জন্য একটি কোচ দাও, কি হলে ভালো হয়। এক সঙ্গে তিনি আমাকে ৮-১০ জন কোচের পরামর্শ দিয়েছেন।’ শুধু পরামর্শই নয়, তাদের সঙ্গে যোগাযোগ করার উপায়ও বলে দিয়েছেন নেইমার।

ছবি
রবিন বলেন, ‘নেইমার বলেছেন- তুমি এদের কল দাও। কল দিয়ে বলো, আমি কল দিতে বলেছি।’ তবে রবিনের দাবি, এসব কিছুই নির্ভর করছে বাফুফের স্বদিচ্ছার ওপর। বাফুফে যদি কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তিনি নেইমারের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে বাফুফেকে সহযোগীতা করবেন।

মিকেলের মতো হাই-প্রোফাইল কোচের বেতন সাধারণত বাফুফের সামর্থ্যের বাইরে থাকার কথা। তবে নেইমার ও তার বাবার বিশেষ অনুরোধ বা মধ্যস্থতায় মিকেল বেতন কমিয়ে বাংলাদেশে আসতে রাজি হতে পারেন-এমন একটি গুঞ্জন রবিন মিয়ার মাধ্যমেই ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সত্যটা এখনো বাফুফে নিশ্চিত করেনি। তবে ২২ জনের সংক্ষিপ্ত তালিকায় যে নেইমারের কোচ আছেন সেটা নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং কোচ বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটির প্রধান কামরুল হাসান হিলটন।

নেইমার ও তার জাদুকরী কোচের এই নাম দেশের ফুটবল অঙ্গনে দেখাচ্ছে আশার আলো। বাফুফের কাছে জমা পড়া আবেদনের ভিড়ে অলিম্পিক জয়ী রোজারিও মিকেলের নামটি যদি শেষ পর্যন্ত টিকে যায়, তবে সেটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তবে প্রশ্ন থেকে যায়-আর্থিক সীমাবদ্ধতা আর বাফুফে-র দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে কি মিলবে এমন বিশ্বমানের কোচের লক্ষ্য?

রিপোর্ট : বদিউজ্জামান মিলন/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ