ATN
শিরোনাম
  •  

বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু

         
বজ্রপাতে চার জেলায় ৯ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৯ জনের

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে একদিনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালী জেলায় এসব দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল মোতালিব (৫৫), সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) এবং সিরাজগঞ্জের শুভ মণ্ডল।

সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব ঘটনাস্থলেই মারা যান। একইভাবে হাওড়ে ধান কাটার সময় মোনায়েম খাঁ এবং ধান কিনতে গিয়ে শুভ মণ্ডল বজ্রাঘাতে নিহত হন।

সুনামগঞ্জে সদর ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার জমির উদ্দিন (৪৩), জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জের আবু সালেক (২৫)।

ধান কাটার সময়, নদীঘাটে যাওয়ার পথে এবং হাওর থেকে গরু আনতে গিয়ে তারা বজ্রাঘাতে আক্রান্ত হন। এছাড়া, শান্তিগঞ্জ উপজেলায় একই সময়ে বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন।

হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামের মকসুদ আলী হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। অন্যদিকে বানিয়াচংয়ের জাতুকর্ণপাড়ার আব্দুল সালাম বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ হারান। এ ঘটনায় আরও একজন কৃষক আহত হয়েছেন।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে আরাফাত (২৩) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে বাদামখেত দেখে ফেরার পথে কালবৈশাখী ঝড়ের মধ্যে তিনি বজ্রাঘাতে নিহত হন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, দুপুর ২টার দিকে আরাফাত বাড়ির পাশের একটি বাদামখেত দেখতে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তিনি বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। এ সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ