ATN
শিরোনাম
  •  

রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান

         
রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান

রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ঘিরে চলমান টানাপোড়েনের মাঝে রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চায় ইরান। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বৈঠকের কথা রয়েছে। সেখানে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাতে পারেন আরাঘচি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, সামরিক সহযোগিতার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত বিস্তৃত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার ক্রেমলিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকের আগে তেহরানের ওই অধ্যাপক বলেন, ‌‌‘‘ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে পর্যায়ে থাকা প্রয়োজন, বর্তমানে সেই স্তরে নেই। তাই আমি মনে করি, ইরান আশা করছে রাশিয়া এ বিষয়ে সহায়তা করতে পারে।’’

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। কয়েক সপ্তাহ আগে ইরান-বিরোধী বাহরাইন-যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল দেশটি। যে কারণে ইরান নিশ্চিত হতে চায়, রাশিয়া রাজনৈতিকভাবে তাদের পাশে আছে এবং নিরাপত্তা পরিষদের মতো জায়গাগুলোতে ইরানকে সাহায্য করতে পারে।

ইজাদি বলেন, ইরান-রাশিয়া সামরিক সহযোগিতা বহু বছর আগের। তিনি বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান ধীরে ধীরে বুঝতে পেরেছিল, সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়াই ইরানকে সাহায্য করতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে এই আলোচনার গুরুত্ব কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয় বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় মস্কোর সমর্থন পেতে সোমবার ভোরে রাশিয়ায় পৌঁছান আরাঘচি। এর আগে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। যে কারণে পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে পড়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং চলমান সংকটে রাশিয়ার সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ