ATN
শিরোনাম
  •  

শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

         
শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ওই অঞ্চলের কৃষিকাজ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় প্রকল্পের কারিগরি দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর এই খালটি পুনঃখননের উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। এলাকার কৃষিজমিতে সেচ সুবিধার জন্য এই খাল খনন করা হয়। উলাশীতে পরবর্তীতে অনেক প্রকল্পও নেওয়া হয়। যদিও মাঝপথে এসব প্রকল্প থমকে যায়।

পরে এদিন দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক বলেন, দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্বের সংকটে পড়েছে। সেই খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর আগে জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খাল পুনঃখননকাজের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর তিনি উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এরপর বিমানবন্দর থেকে তিনি নির্ধারিত বাসে চড়ে শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও যশোরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সফরের শেষ ভাগে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফর ঘিরে যশোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে গত কয়েক দিন ধরেই নিরলসভাবে কাজ করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ