ATN
শিরোনাম
  •  

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’, গুজব ঠেকাতে কঠোর নজরদারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

         
প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’, গুজব ঠেকাতে কঠোর নজরদারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’, গুজব ঠেকাতে কঠোর নজরদারি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, একটি অসাধু চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও নৈতিক অবক্ষয় তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং আরও জোরদার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়-এর এই মুখপাত্র এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, প্রশ্ন দেওয়ার নামে ভুয়া প্রশ্ন তৈরি করে অর্থ আদায়ের অভিযোগে গত কয়েক দিনে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করছিল। ডিজিটাল মাধ্যমে কোনো চক্র এমন কার্যক্রম চালালে দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে প্রশ্নফাঁসের বিষয়টি উঠে এলেও বিশ্লেষণে দেখা গেছে, সেটি প্রকৃত প্রশ্নফাঁস নয়; বরং একটি পরিকল্পিত প্রতারণা। প্রতারক চক্রটি আগে টাকা নিয়ে পরে বিভিন্ন অজুহাতে উধাও হয়ে যেত। এমনকি পরীক্ষা শুরুর পর প্রশ্ন সংগ্রহ করে আগের রাতে আপলোড করা হয়েছিল বলে দাবি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করত।

তিনি জানান, সুনির্দিষ্ট প্রমাণের অভাব ও প্রতিবেদনে ত্রুটি থাকায় সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটি নিজ উদ্যোগেই প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ওই সময়ে পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হয়েছে এবং মেধার পরিবর্তে দলীয় আনুগত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বর্তমান নির্বাচিত সরকার শিক্ষাখাত সংস্কারে কাজ করছে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, সরকার যে ‘আন্দোলনময় শিক্ষা’ সংস্কৃতি গড়ে তুলছে, তা প্রতারণামূলক মানসিকতার সম্পূর্ণ বিপরীত।

শেষে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানান এবং যাচাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ বিশ্বাস না করার পরামর্শ দেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ