ATN
শিরোনাম
  •  

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

         
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সাবেক এমপি ও শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যু

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তার প্রথম জানাজা বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেনের ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরে আবার জাতীয় পার্টিতে ফিরে আসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন, তবে জয়ী হতে পারেননি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ