ATN
শিরোনাম
  •  

তিন গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন বায়ার্নের

         
তিন গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন বায়ার্নের

তিন গোলে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন বায়ার্নের

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার শিরোপা জয়ের পথ আগেই সহজ করে রেখেছিল। এবার লক্ষ্য ছিল পয়েন্টের ব্যবধান আরও বাড়ানো। তবে মেইনজ-এর মাঠে নেমে বড় পরীক্ষার মুখেই পড়তে হয় তাদের। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় ভিনসেন্ট কোম্পানির দল।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও, মেইনজের আক্রমণের চাপ সামলাতে হিমশিম খেতে হয় জার্মান চ্যাম্পিয়নদের। আগের ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন এনে নামার প্রভাবও পড়ে পারফরম্যান্সে। বিরতির আগে লক্ষ্যভেদী কোনো শটই নিতে পারেনি তারা। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ পজেশন ধরে রেখে ১১টি শট নেয় বায়ার্ন, যার ৬টি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় মেইনজ। স্বাগতিকদের হয়ে গোল করেন ডমিনিক কোহর, পল নেবেল ও শেরাল্ডো বেকের। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বায়ার্নের হয়ে গোল করেন নিকোলাস জ্যাকসন, মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালা এবং হ্যারি কেইন।

ম্যাচের ১৫ মিনিটে কোহরের গোলে এগিয়ে যায় মেইনজ। ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান নেবেল। প্রথমার্ধের যোগ করা সময়ে বেকেরের গোল বায়ার্নকে আরও চাপে ফেলে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কেইন ও ওলিসেকে বদলি হিসেবে নামানোর পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩ মিনিটে জ্যাকসন প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর ৭৩ মিনিটে ওলিসে এবং ৮১ মিনিটে মুসিয়ালা গোল করে সমতায় ফেরান দলকে।

৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা কেইন, যা ছিল তার ৩৩তম গোল। ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে বায়ার্ন পয়েন্ট ব্যবধান বাড়িয়ে দাঁড় করায় ১৮-তে। ৩১ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বরুসিয়া ডর্টমুন্ড ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর ৩৪ পয়েন্ট নিয়ে মেইনজ অবস্থান করছে দশমে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ