ATN
শিরোনাম
  •  

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

         
নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

ভাড়া বৃদ্ধির পর বাস ও মিনিবাসের হালনাগাদ ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ ঢাকার আশপাশের জেলাগুলোর জন্য পৃথক তালিকা দেওয়া হয়েছে। একইসঙ্গে আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়ার নতুন হারও প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার ডিজেলের মূল্য বাড়ানোর প্রেক্ষিতে সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধি করে, যা সেদিন থেকেই কার্যকর হয়।

নতুন তালিকা অনুযায়ী, রাজধানী ও দূরপাল্লার প্রতিটি রুটের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এর বেশি আদায় করা যাবে না। এছাড়া গ্যাসচালিত বাসের ক্ষেত্রে এই নতুন ভাড়া প্রযোজ্য হবে না। ভাড়া নির্ধারণে ভগ্নাংশ থাকলে ৫০ পয়সার বেশি হলে তা ১ টাকা হিসেবে গণনা করা হবে, আর ৫০ পয়সার কম হলে তা নেওয়া যাবে না।

অন্যদিকে, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। ফলে এসব বাসের ভাড়া পরিবহন মালিকদের সিদ্ধান্ত, নির্দিষ্ট রুটে প্রতিযোগিতা, বাসের মান এবং আসনসংখ্যার ওপর নির্ভর করে ঠিক করা হয়।

ঢাকার কিছু গুরুত্বপূর্ণ রুটের ভাড়া:

গুলিস্তান-গাজীপুর: ৪১.৫ কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা (প্রতি কিমি ২.৫৩ টাকা)।

চিড়িয়াখানা-কেরানীগঞ্জ: ২১ কিলোমিটার দূরত্বের এই পথে পুরো ভাড়া ৫৩ টাকা। তবে চিড়িয়াখানা থেকে টেকনিক্যাল পর্যন্ত সর্বনিম্ন ১০ টাকা এবং শ্যামলী পর্যন্ত ১৪ টাকা ভাড়া দিতে হবে।

চট্টগ্রাম মহানগরীর ভাড়া:

কালুরঘাট-নিউমার্কেট: ১৪ কিলোমিটার পথের ভাড়া ৩৫ টাকা। তবে চকবাজার থেকে নিউমার্কেট পর্যন্ত সর্বনিম্ন ১০ টাকায় যাতায়াত করা যাবে।

নিউমার্কেট-বিমানবন্দর: ১৮.৬ কিলোমিটার পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা।

দূরপাল্লার ভাড়া ও আসন বিন্যাস দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটি মূলত ৫১ আসনের বাসের জন্য প্রযোজ্য। তবে আসন কমিয়ে ৪০টি করা হলে আনুপাতিক হারে ভাড়া বাড়বে। পাশাপাশি পথের ফেরি ও সেতুর টোলও ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

আন্তজেলা রুটের ভাড়া:

ঢাকা-চট্টগ্রাম (২৪২ কিমি): ৫১ আসনের বাসে ৫৫২ টাকা এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা।

ঢাকা-সিলেট (২৫৭ কিমি): টোলসহ ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা।

ঢাকা-বরিশাল (পদ্মা সেতু হয়ে): ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা।

ঢাকা-রাজশাহী (২৬৭ কিমি): যমুনা সেতুর টোলসহ ৫১ আসনের বাসে ৬২৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৭ টাকা।

ঢাকা-ময়মনসিংহ (১১৬ কিমি): টোল না থাকায় ৫১ আসনের বাসে ২৫৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৩০ টাকা।

বিআরটিএ জানিয়েছে, তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে এই ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ