ATN
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

         
মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন নির্ধারিত রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করবেন তাদের আইনজীবীরা। এর আগে গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এক সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, নির্ধারিত দিনে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।

এই মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশন প্রয়োজনীয় নথি সরবরাহ করতে না পারায় আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি জানান। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকেই আহত হন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ