ATN
শিরোনাম
  •  

বিএনপি এখন পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির

         
বিএনপি এখন পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির

বিএনপি এখন পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত আমির

বিএনপি এখন প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, একসময় বিএনপির সঙ্গে তারা একইভাবে নির্যাতিত ছিলেন। তবে এখন বিএনপি সেই পথ থেকে সরে গিয়ে এমন আচরণ করছে, যা অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে মিল রয়েছে। বিএনপি যত চেষ্টা করুক, তারা আওয়ামী লীগ হতে পারবে না; সর্বোচ্চ হলে দুর্বল আওয়ামী লীগ হতে পারবে।

তিনি বলেন, আওয়ামী লীগ একসময় বিরোধী দলসহ পুরো জাতিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, কিন্তু আজ তাদের অবস্থা ভিন্ন। একই ধরনের আচরণ এখন বিএনপি শুরু করেছে। আওয়ামী লীগ লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, কিন্তু দুর্দিনে সেই বাহিনী পাশে দাঁড়ায়নি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয় প্রায় সব ক্ষেত্রেই বিএনপি বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির সঙ্গেও তারা নিজেদের অবস্থানের বিরোধ তৈরি করছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময়ের ত্যাগ ও আত্মদানের কারণেই আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তবে বিএনপি সেই ত্যাগকে যথাযথভাবে মূল্যায়ন করেনি। শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিএনপির উদাসীনতার কথাও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, যারা একসময় দেশে ফিরতে পারেননি, তারাও এই পরিবর্তনের ফলে ফিরে আসার সুযোগ পেয়েছেন। কিন্তু সেই বাস্তবতাকে ভুলে গিয়ে কেউ কেউ আন্দোলনের কৃতিত্ব নিজেদের দিকে টানার চেষ্টা করছেন, যা সঠিক নয়। আন্দোলনে সবারই অবদান ছিল, তবে জুলাই আন্দোলনের নেতৃত্বই জাতিকে মুক্তির পথে নিয়ে এসেছে। তিনি সেই নেতৃত্বকে সম্মান জানাতে সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া, সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করার পর থেকেই ফ্যাসিবাদের পথে এগোচ্ছে। তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে নাগরিকরা নিরাপদে চলাফেরা করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার পরিবর্তে শিক্ষার পরিবেশ থাকবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই চলবে।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ