ATN
শিরোনাম
  •  

আবারও ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

         
আবারও ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

আবারও ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও একটি ইরানি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পতাকাবাহী জাহাজটি একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটক করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দ করা হয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রারত ছিল।

এর আগে ‘তুসকা’ নামের আরেকটি ইরানি জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ইরান এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। তারা এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। তাদের মতে, এ ধরনের জবরদস্তিমূলক ও বেআইনি পদক্ষেপ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং দুর্বল রোগীদের গুরুতর বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

অন্যদিকে, মার্কিন পক্ষ বলছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টার কারণেই এসব জাহাজ আটক করা হচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আটক করা ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি ‘চীনের পক্ষ থেকে দেওয়া উপহার’ বহন করছিল। তার দাবি, জাহাজটিতে সন্দেহজনক মালামাল ছিল, যা ‘ভালো কিছু নয়’।

তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের জাহাজ সম্পর্কে মার্কিন দাবি বাস্তবসম্মত নয়।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ