ATN
শিরোনাম
  •  

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৬

         
ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৬

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৬

যুদ্ধবিরতি মধ্যেও লেবাননে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর সম্প্রতি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ এপ্রিল দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি শত্রুপক্ষের বিমান হামলায় ছয় নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বিমান হামলায় দক্ষিণ লেবাননের ওয়াদি আল-হুজাইরে দুই, তুলিনে দুই এবং শ্রীফা ও ইয়াতেরে একজন করে প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানায়, গত ২৯ মার্চ তাদের একটি ঘাঁটিতে হামলায় আহত এক ইন্দোনেশীয় শান্তিরক্ষী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন।

জানা যায়, সেই হামলায় ঘটনাস্থলেই আরেক ইন্দোনেশিয়ান সেনা নিহত হন। জাতিসংঘের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই সেনা ইসরাইলি ট্যাংকের গোলার আঘাতে প্রাণ হারান।

এর আগে শুক্রবার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননের বিন্ট জেবাইলে শহরে তারা ছয়জনকে হত্যা করেছে। গত ১৭ এপ্রিলের যুদ্ধবিরতি শুরুর আগে শহরটিতে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বিন্ট জোবাইলে নিহত সবাই তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধা। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত মৃত্যু এবং ইসরাইলের দাবি করা হতাহতের ঘটনা একই কিনা, তা এখনও স্পষ্ট নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ইসরাইলি হামলায় মোট ২,৪৯১ জন নিহত হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ