ATN
শিরোনাম
  •  

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানালেন নেতানিয়াহু

         
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানালেন নেতানিয়াহু

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানালেন নেতানিয়াহু

ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো জানিয়েছেন, তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছিলেন।

তবে ইরানের পক্ষ থেকে বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার বা অপপ্রচারের আশঙ্কায় এতদিন তিনি তথ্যটি গোপন রেখেছিলেন বলে দাবি করেন।

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করান। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় অস্ত্রোপচারের বিষয়টি জানালেও ক্যানসারের তথ্য প্রকাশ করা হয়নি।

সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। তবে বর্তমানে করা পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।

তার এই বক্তব্যের পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকেও দুটি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রোগটি একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। যথাযথ চিকিৎসার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ ও ঝুঁকিমুক্ত।

নেতানিয়াহু সামাজিক মাধ্যমে লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি এখন সুস্থ। তার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা পুরোপুরি সেরে গেছে।

প্রতিবেদন প্রকাশে দুই মাস বিলম্বের বিষয়ে তিনি বলেন, ইরান ও তার মিত্ররা যেন এটিকে ইসরাইলের দুর্বলতা হিসেবে তুলে ধরতে না পারে, সেজন্যই তিনি সময় নিয়েছেন। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিজের অসুস্থতার খবর শত্রুপক্ষকে বাড়তি সুবিধা দেবে না বলেই তিনি মনে করেন।

চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি বিষয়টি প্রকাশ করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে সুস্থ থেকে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ