ATN
শিরোনাম
  •  

ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: নাহিদ ইসলাম

         
ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: নাহিদ ইসলাম

ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।

তিনি বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, সারা দেশ থেকেই দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

এনসিপিতে যোগদানকারীদের নাম ঘোষণা করে নাহিদ বলেন, এনসিপিতে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল। তিনি বিদেশে আছেন। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি। বরিশালের কৃতি সন্তান হিসেবে তিনি এনসিপিতে কাজ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতমুখ নুরুজ্জামান কাফিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এনসিপিতে স্বাগত। জুলাইয়ের সহযোদ্ধা মহিউদ্দিন রনিকেও স্বাগত জানাই। আমরা সবাই এনসিপিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

ইসহাক সরকারকে এই আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ইসহাক সরকারকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ছাত্রদল, যুবদলে তিনি কেন্দ্রীভাবে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনো বিরোধী রাজনীতিই করবেন।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। ইসহাক সরকার সব সুযোগ-সুবিধাকে একদিকে ঠেলে দিয়ে জনগণ ও তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন। ইসহাক সরকারের সঙ্গে তাঁর অসংখ্য অনুসারী এনসিপিতে যোগ দিচ্ছেন। তাঁদেরও স্বাগত জানাই।’

এরপর ইসহাক সরকারসহ এনসিপিতে যোগ দেওয়া নেতাদের একে একে ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম। পরে তিনি ও নাসীরুদ্দীন পাটওয়ারী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে আইডিইবি থেকে চলে যান। এরপর সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেলও এনসিপিতে যোগ দেন। এনসিপির অন্য নেতারা তাঁকেও ফুল দিয়ে বরণ করেন।

ইসহাক সরকারসহ সদ্য এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিরা এরপর তাঁদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, শীর্ষস্থানীয় নেতা সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এর আগে গত ১৯ এপ্রিল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন। অবশ্য ওই ৪৪ জনের অধিকাংশই ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের নেতা-কর্মী।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ