ATN
শিরোনাম
  •  

লেবাননে ইসরায়েলি হামলায় এক নারী সাংবাদিকসহ নিহত ৫

         
লেবাননে ইসরায়েলি হামলায় এক নারী সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরায়েলি হামলায় এক নারী সাংবাদিকসহ নিহত ৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই হামলার ফলে ওই অঞ্চলে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আরও সংকটের মুখে পড়লো বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

সংস্থাটি জানায়, বুধবার (২২ এপ্রিল) লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলের দাবি, ওই গাড়ি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে দুটি গাড়িতে হামলা চালিয়েছে, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। পরবর্তীতে একই গ্রামের একটি ভবনে বিমান হামলা চালালে স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর সাংবাদিক আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আমাল খলিল ও তার সহকর্মী জয়নব ফারাজ ইসরায়েলি হামলার খবর সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন। জয়নব ফারাজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ হামলার জন্য ইসরায়েল দায়ী বলে দাবি করেছে লেবানন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং উদ্ধারকাজ ব্যাহত করতে আশপাশের সড়কেও হামলা চালানো হয়।

দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস এ ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক আরেক হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েল দাবি করেছে, তারা একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, সংঘাতের মধ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের বৈঠকের প্রস্তুতি চলছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের ওপর সাম্প্রতিক হামলায় আহত ফরাসি সেনা করপোরাল আনিসেত গিরার্দিন মারা গেছেন। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগটি অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ