ATN
শিরোনাম
  •  

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ ইরান

         
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ ইরান

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতেও সহায়তা করেছে দেশটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস সংশ্লিষ্ট সকলকে এমন কোনো কর্মকাণ্ড বা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। একইসঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হিসেবে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ইরান বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে দেওয়া কিছু সাক্ষাৎকারের নির্বাচিত অংশ প্রচারের বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছে দূতাবাস। এসব সাক্ষাৎকার নির্দিষ্ট কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে পুনঃপ্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

দূতাবাস জানায়, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খণ্ডিত বা ভুলভাবে বক্তব্য উপস্থাপন করা দুঃখজনক এবং তা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। পাশাপাশি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস।

তারা জানায়, দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার গঠনমূলক উদ্যোগগুলো আরও এগিয়ে নেওয়া হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে জোর দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের জন্য বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছে ইরান। এ পথকে তারা অঞ্চল ও বিশ্ব সম্প্রদায়ের জন্য অপরিহার্য বলে মনে করে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ‘ইসলামি বিপ্লবের নেতা’ ও ‘মুসলিম উম্মাহর নেতা’ হিসেবে উল্লেখ করে, তার মৃত্যুর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণকেও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ঢাকায় ইরান দূতাবাসে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতির জন্যও ধন্যবাদ জানানো হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের প্রশংসাও করা হয়েছে।

বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইরান বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকের অবৈধ আগ্রাসনের’ ফলে সৃষ্ট সংঘাতে নিহত বাংলাদেশি নাগরিকদের জন্য তারা গভীর শোক প্রকাশ করছে। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশটি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ