ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ২০

         
চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দাবি অনুযায়ী অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় এ সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের কর্মীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দেখা যায়।

কলেজ সূত্র জানায়, একটি গ্রাফিতিতে আগে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন এবং তার স্থলে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার সকাল থেকেই বাকবিতণ্ডা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। হামলার দায় নিয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন জানান, গ্রাফিতির লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ডাকা হয়। এরপর কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। দুপুরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করলে আবার উত্তেজনা বাড়ে। বিকেল ৪টার দিকে নিউমার্কেট মোড় থেকে শিবিরের মিছিল কলেজের দিকে এগোলে, সিটি কলেজের সামনে অবস্থান নেওয়া ছাত্রদলের কর্মীরা তাদের ধাওয়া দিলে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলে দেখা যায়, সংঘর্ষ চলাকালে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। কলেজের সামনে ছাত্রদল এবং নিউমার্কেট এলাকায় শিবিরের কর্মীরা অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। অনেকের হাতে লাঠিসোঁটা ও কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ছিল। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা নিউমার্কেট মোড়ে জড়ো হন এবং পরে মিছিল নিয়ে কলেজের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

ছাত্রশিবিরের চট্টগ্রাম নগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক জাহিদুল আলম দাবি করেন, তাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশরাফ হোসেন নামের এক কর্মীর গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশরাফকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘গ্রাফিতি মুছে “গুপ্ত” লেখা হয়েছে। তারা যদি গুপ্ত না হয়, তাহলে তাদের কেন গায়ে লাগল!’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, দুপুরের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ