ATN
শিরোনাম
  •  

দেশে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

         
দেশে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

দেশে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুরের’ সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। মঙ্গলবার সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর বলেছে, ‘‘নির্ভুল নিশানায় আঘাত হানার সক্ষমতা ও অভিযানগত প্রস্তুতির শক্তিশালী প্রদর্শনী হিসেবে দেশীয়ভাবে তৈরি জাহাজ-বিধ্বংসী আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী।’’

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুলভাবে নিজের লক্ষ্যভেদ করেছে; যা দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও তা চূড়ান্তভাবে ধ্বংস করার ক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতাকে প্রমাণ করেছে।’’

বিবৃতিতে আইএসপিআর বলছে, এই পরীক্ষা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা প্রথাগত যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বহুমুখী সমন্বিত আক্রমণাত্মক অবস্থান ও সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

পাকিস্তানের আইএসপিআর বলেছে, দেশের সামুদ্রিক স্বার্থ ও জলসীমা রক্ষায় পাকিস্তান নৌবাহিনী তার অঙ্গীকারে অটল রয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং অন্যান্য বাহিনীর প্রধানরা এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল পাকিস্তানের নৌবাহিনী তাদের দেশে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এছাড়া জানুয়ারি মাসে উত্তর আরব সাগরে ‘কমপ্রিহেনসিভ এক্সারসাইজ’-এর সময় নৌবাহিনী সফলভাবে সারফেস-টু-এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: ডন

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ